
বাউন্ডুলের ফেসবুক পেজ থেকে দু-মলাটে বন্দি হল ২০০টা কবিতা আর তার সঙ্গে সঙ্গত দিল অভিব্রতর আঁকা ৫০টা ছবি। বাউন্ডুলের অনুরাগী পাঠকদের জন্যে সৃষ্টিসুখ প্রিন্ট-এর এই বই এক দারুণ অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে।
]]>প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলেছি এই কারণেই যে হৃষিকেশ বাগচী তাঁর ‘মুখোমুখি’ বইটিকে সাজিয়ে তুলেছেন এরকমই বিষয় বৈচিত্রে। কোয়ান্টাম তত্ত্ব থেকে মহম্মদ আলি পার্ক, বসিরহাট থেকে পেঙ্গুইন বাবাদের কষ্ট– নানা বিষয়ে সাবলীল গতায়াত তাঁর। তাত্ত্বিক কচকচি তিনিও পছন্দ করেন না। কিন্তু জীবনের পদে পদে এত বৈচিত্র, দীর্ঘায়ু সভ্যতার পরতে পরতে এত বিস্ময় জমে আছে যে, হৃষিকেশের অনুসন্ধিৎসু মন খুব স্বাভাবিকভাবেই সেদিকে ঝুঁকে পড়েছে। কৌতূহল নিরসন করতে তিনি বিস্তর পরিশ্রম করেছেন। আর শেষমেশ মন্থনের সম্পদটুকু তুলে দিয়েছেন আমাদের হাতে। সবার আমি ছাত্র– এই পঙক্তিকে আজও আমরা লালন করি। হৃষিকেশ যেন সেটিকেই নেড়েচেড়ে দেখেছেন একটু অন্যভাবে। এত বিষয়, এত জানার জিনিস রয়ে আছে যে ওই ছাত্রস্বভাবটি হারিয়ে ফেলাই বৃথা। তবে লেখকের মুনিশিয়ানা বোঝা যায় যখন তিনি বিষয়ের ভারে লেখনকে ভারাক্রান্ত করেন না। বরং প্রাঞ্জল গদ্যে সাবলীলতায় তরতরিয়ে পাঠক টেনে নিয়ে যান এক অধ্যায় থেকে অন্য অধ্যায়ে।
বই যখন শেষ হয়, তখন অনেক কিছুই জানা হয়ে গিয়েছে। যা না জানা হলে আসলে আমরা অসম্পূর্ণ থেকে যাই। এ আসলে জীবনেরই মুখোমুখি বসা। চিনে নেওয়া আমাদের অস্তিত্ব আর প্রতিবেশকে। গল্প-উপন্যাসের পাশাপাশি যাঁরা নানা বিষয়ে আগ্রহী, তাঁরা নিশ্চিতই এ বইয়ের মুখোমুখি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।
]]>অবশ্য এবারে আইসিং অব দ্য কেক আর চেরি অন দ্য শেক হল ‘অ্যাইসি কি ত্যাইসি’। গতবার যখন ‘ফিসফাস ২’ বেরোয়, তখন তিনি সবেমাত্র ধরাধামে এসেছেন, তাই মর্ত্যাবতারে তাঁর কীর্তিকলাপ লিপিবদ্ধ করার সময় পাইনি। এবারে একদম ফুলটুস উপন্যাস। ফাঁকফোকরের জায়গা নেই। তবে একটা আপ্তবাক্য আছে। প্রত্যেকটি শিশু নিজের মতো করে এক-একটা প্রতিভার ভিসুভিয়াস। তাকে লাগাম পরাতে গেলে পম্পেইয়ের মমি হয়ে যাবার সম্ভাবনা। তার থেকে নিজের ছবি নিজে আঁকুক, রেল লাইনের মতো বাঁধনসর্বস্ব জীবনে তারাই না হয় শোলের মতো বাঁধনহারা পথ তৈরি করুক নিজের মতো করে।
আর আমি আপনি? পাঠক-পাঠিকারা আমরাও ক্ষুদ্র জীবনে দিলটাকে বড় করে আত্মমহাকাব্য রচনা করে যাই মহানন্দে। মনে রাখি যেন, মুখের অবস্থান চোখ আর কানের নিচেই। দেখে শুনে আগে উইকেটে সেট হয়ে যাই! তারপর না হয় ফিসফাস সাড়ম্বরে সকলের জীবনগল্প হয়ে উঠবে। মনুষ্যজীবনের সব না পাওয়ার গল্পের অ্যাইসি কি ত্যাইসি!
]]>আজ দিনটা বেশ গোলমেলে। বিশুদ্ধ পঞ্জিকা মতে আজকের দিনে মেষজাতকের কুলোকের কথায় কান দিতে নেই। অথচ, আজ কী কুক্ষণে সায়ন্তিকার বাবার ফোন এল। আমার মতিভ্রম হয়েছিল অথবা গ্রহ বিপর্যয় ঘটেছিল নিশ্চয়, নাহলে ফোনটা ধরলাম কেন?
ধরেই যখন ফেলেছি, অগত্যা কালমেঘ খাওয়া মুখ করে বললাম, “ভালো আছেন কাকু?”
ওপার থেকে হাঁড়িচাচা মাফিক আওয়াজ এল, “ভালো তো থাকবই। ভালো থাকব না মানে? তুমি কি চাও যে আমি ভালো না থাকি?”
“ইয়ে মানে, ছি ছি, কী যে বলেন কাকু। আমি কেন চাইব না যে আপনি ভালো থাকুন। আমি তো সব সময় চাই যে আপনি আরও ভালো থাকুন। আপনার বকেয়া ডিএ একলপ্তে প্রাপ্তি ঘটুক। লুপ্ত যৌবন ফিরে আসুক। সাদা চুল কালো হোক। পেটের ব্যথা, অম্বল সেরে যাক…”
“কী হে ছোকরা… তোমার সাহস তো কম নয়। ইয়ার্কি করছ আমার সাথে। জানো আমি তোমার বাবার বয়সি?”
“তাই নাকি, জানতাম না তো… ইসস… আমি তো ভাবতাম আপনি জাস্ট থার্টি।”
“ফাজলামো হচ্ছে? শোনো খোকা, নেহাত আমার মেয়ে তোমাকে পছন্দ করে, নাহলে তোমায় উচিৎ শিক্ষা দিয়ে দিতাম। আর আমি তো বুঝতেও পারি না যে তোমার মতো একটা গণ্ডমূর্খের সাথে সায়ন্তিকা বাকিটা জীবন কাটাবে কী করে?”
আমি যে গণ্ডমূর্খ, এই সারসত্যটা আমার মাস্টারমশাইরা বহুকাল আগে থেকেই জানিয়ে দিয়েছেন। তবুও বিদ্যাসাগর মশাই তো কোনকালে বলে গিয়েছেন যে কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া আর গণ্ডমূর্খকে গণ্ডমূর্খ বলতে নেই। তাই হেব্বি রাগ হল। না হয় আমি একটা পাতি ইস্কুল মাস্টার আর সায়ন্তিকার বাবা একটা সরকারি বিভাগের ডেপুটি ডিরেক্টর। তাই বলে অ্যাইসা অপমান? বাছা বাছা কিছু উত্তর মুখে আসছিল। সেগুলো চেপে দাঁত কেলিয়ে (মানে, ফোনে যতটা দাঁত ক্যালানো যায় আর কী), গলায় স্যাকারিন ঢেলে বললাম, “কাকু, আপনি একদম চিন্তা করবেন না। আপনার সাথে গত তেইশ বছরের অভিজ্ঞতাই ওকে আমার সাথে বাকিটা জীবন কাটাতে সাহায্য করবে।”
]]>গতবছর বইমেলায় তাঁর ‘তোমার পরশ আসে’ প্রকাশের পরে যে ভালোবাসা পাঠককুল ফিরিয়ে দিয়েছেন, তা এককথায় আমাদের জন্যে অভূতপূর্ব। এই বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হল বিমোচন ভট্টাচার্য-র ‘চেনা আলো চেনা অন্ধকার’। নিচে রইল বইটি থেকে একটি ছোট গদ্য।
===============
নিতাইদাকে মনে আছে তো আপনাদের? প্রতিদিন আমাদের পাড়ার মন্দিরে মা কালীকে গান শোনান। রাতে যাবার সময় ওয়ান্নিং দিয়ে যান মা কালীকে। মনে পড়ছে? সেই লকাই আর নিতাইদা।
তো এই নিতাইদা পেশায় ইলেক্ট্রিসিয়ান। থাকেন আমাদের আবাসনের পেছনদিকের রেল কোয়ার্টারে। আমাদের পাড়ায় কাজ করেন না। একটি দোকান আছে শুনেছি নাগেরবাজারের কাছে। সেই এলাকাতেই কাজ করেন।
প্রায় কুড়ি বছর দেখছি আমি নিতাইদাকে। যখন রেগুলার আড্ডা মারতাম, তখন রোজ দেখা হত। এখন কোনোদিন রাতে ক্লাব থেকে ফেরার পথে দেখা হয়ে যায়। মা কালীর সাথে কথোপকথন শেষ করে বাড়ি ফিরছেন। একগাল হেসে আমায় বলেন, “ভালো তো ব্রাদার?” পেছন পেছন যায় রাজ্যের কুকুর। ওদের বিস্কুট খাওয়াতে খাওয়াতে বাড়ি ফিরে যান নিতাইদা। বলে রাখা ভালো, এতদিনে কোনোদিন নিতাইদাকে সকালে দেখিনি আমি।
গত সোমবার আমার বাড়ির একটা পাখা খারাপ হয়ে গেল হঠাৎ। আমার বাড়ির ইলেক্ট্রিসিয়ান বলরাম বাইরে গেছে। আর কাউকে পেলাম না। এদিকে এই গরমে পাখা ছাড়া চলবে না। ভাবলাম, আরে নিতাইদা তো ইলেকট্রিক মিস্তিরি। যাই একবার।
ভিলার পেছনদিকের রেল কোয়ার্টারে গিয়ে জিজ্ঞেস করতে ওরা দেখিয়ে দিল নিতাইদার বাড়ি। দোতলা কোয়ার্টারের একতলায় যারা থাকেন, অধিকাংশই রেলের কর্মচারী নয়। সাবলেট করা। বেশিরভাগ বিহারী। একটি বাড়ির (এগুলিকেই মনে হয় ব্যারাক বলা হত) একেবারে শেষ ঘরটা নিতাইদার। ডাকলাম। একটা লুঙ্গি পরে খালি গায়ে বেরিয়ে এলেন নিতাইদা। বললেন, “কী চাই বলুন?” চিনতেই পারলেন না আমায়। বললাম, “একটা পাখা খারাপ হয়েছে বাড়ির।” কথা বাড়াতে দিলেন না নিতাইদা, রাগত স্বরে বললেন, “আপনাকে কে বলেছে আমি পাখা সারাই?” আমি বললাম, “কেউ বলেনি, শুনেছিলাম আপনি ইলেক্ট্রিসিয়ান।” আরও রেগে গিয়ে বললেন, “কে আপনাকে কী বলল সে নিয়ে আমার মাথাব্যথা নেই। শালা, জোটেও সব আমার কপালেই। কোন শুয়োরের বাচ্চা রটিয়ে দিয়েছে যে আমি ইলেক্ট্রিক মিস্ত্রি, রোজ বাঁ* কেউ না কেউ চলে এসে বলছে, পাখা সারাও, আলো সারাও। যান তো মশাই। আর কোনোদিন এলে গাঁ* ভেঙে দেব। চিনি না, শুনি না চলে এসেছেন বাঁ* সক্কাল সক্কাল নিতাইদার গাঁ* জ্বালাতে।”
বাইরে এলাম। কাল লাল হয়ে গেছে আমার অপমানে। দেখি শংকর, আমার গাড়ি চালায় মাঝে মাঝে। বলল, “কাকু, নিতাই জ্যেঠুর ওখানে গিয়েছিলেন কেন?” বললাম কেন গিয়েছিলাম। শংকর বলল, “নিতাই জ্যেঠুর ছেলেটা গলায় দড়ি দিয়েছে দু-দিন আগে। কাল বডি পেয়ে শ্মশান থেকে অনেক রাত্রে ফিরেছি আমরা। আর তাছাড়া কাকু, নিতাইজ্যেঠুর লিভারে ক্যান্সার ধরা পড়েছে দিন পনেরো আগে। কিছু মনে করবেন না। নিতাই জ্যেঠু কিন্তু এমন মানুষ নয়।” চলে এলাম বাড়িতে। মনটা খারাপই হয়ে থাকল।
কাল রাতে বাড়ি ফিরছি ক্লাব থেকে দেখি নিতাইদা ফিরছেন। আজ একটু বেশি খেয়েছেন মনে হয়। পেছনে কুকুরের দল নিয়ে নিতাইদা বাড়ি ফিরছেন। আমি পাশ কাটিয়ে চলে আসব, আমার দিকে চোখ পড়ল নিতাইদার। হাত তুলে একগাল হেসে বললেন, “কী ব্রাদার, দেখতেই পাচ্ছো না যে গরিব দাদাকে। অনেকদিন দেখি না। শরীর ভালো আছে তো?”
ভাবছিলাম কতদিনই বা বাঁচবেন আর নিতাইদা। কিন্তু নিতাইদা চলে গেলে বড় ফাঁকা ফাঁকা লাগবে বাসস্ট্যান্ডের মন্দিরটা। ফাঁকা ফাঁকা লাগবে রাতের পাড়াটা। চলে তো যাবেনই নিতাইদা। নোটিশ তো পেয়েই গেছেন হাতে। যেতে হবেই ঘর খালি করে।
আজ না হয় কাল…
